সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

স্টাফ রিপোর্টার

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে অর্থ ফেরত নেওয়ার তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক মোট ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এসব গ্রাহক তাদের জমা অর্থ উত্তোলন করেন। একই সময়ে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম দিন ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন।

ওইদিন ব্যাংকের ক্যাশে ৯৩ কোটি টাকা এবং RTGS, BFTN ও Clearing এর মাধ্যমে ৫১ কোটি টাকা রিসিভ হয়। অর্থাৎ, ৭ সেপ্টেম্বর ব্যাংকে সর্বমোট ১৪১ কোটি টাকা প্রবাহিত হয়। এদিন ক্যাশ ও অন্যান্য মাধ্যমে মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।

দ্বিতীয় দিনে, অর্থাৎ ২ সেপ্টেম্বর, মোট ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক ১ হাজার ১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক মোট ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন।

৮ সেপ্টেম্বর ব্যাংকের ক্যাশে ৯০ কোটি টাকা এবং BFTN, RTGS ও Clearing এর মাধ্যমে ১০৫ কোটি টাকা রিসিভ হয়। ফলে ওইদিন ব্যাংকে মোট ১৯৫ কোটি টাকা অর্থপ্রবাহ হয়েছে। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়।

এদিকে, ৩ সেপ্টেম্বর মোট ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে বুধবার তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক মোট ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। যেকোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই লেনদেন কার্যক্রম চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক তাদের অর্থ উত্তোলন করছেন। একইসঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ এবং স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *