বাংলা কিউআর লেনদেনে ফি ১%, কাটা হবে কার কাছ থেকে?

স্টাফ রিপোর্টার

বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে সেবা ফি হিসেবে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে নতুন এই নির্দেশনা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে- অর্থ কি গ্রাহকের কাছ থেকে কাটা হবে, না কি দোকানদারের কাছ থেকে?

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই অর্থ গ্রাহকের কাছ থেকে কাটা হবে না। এমডিআর নেওয়া হবে মার্চেন্ট বা দোকানদারের প্রাপ্য অর্থ থেকে। অর্থাৎ, গ্রাহক যে পরিমাণ টাকা পরিশোধ করবেন, শুধু ততটুকুই তার ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব থেকে কাটা হবে।

বিষয়টি একটি উদাহরণ দিয়ে বলা যায়- একজন ক্রেতা একটি দোকানে এক হাজার টাকার পণ্য কিনে অর্থ পরিশোধে বাংলা কিউআর স্ক্যান করলেন। এ ক্ষেত্রে ক্রেতার হিসাব থেকে পুরো এক হাজার টাকাই কেটে নেওয়া হবে। তবে দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। বাকি প্রায় ১০ টাকা (ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর) সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পাবে।

অর্থাৎ, এক হাজার টাকার কেনাকাটায় ক্রেতা অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করবেন না। এমডিআরের পুরো অর্থই দোকানদারের প্রাপ্য টাকা থেকে সমন্বয় করা হবে।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উৎসাহ দিতে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রোমোশনাল ক্যাম্পেইনের আওতায় এই ফি কমাতে বা সম্পূর্ণ নিজ উদ্যোগে বহন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *