বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো

স্টাফ রিপোর্টার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ইতিবাচক অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের দিন, অর্থাৎ ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। ওই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। ফলে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *