রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী

স্টাফ রিপোর্টার

প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহে ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আবারও ঊর্ধ্বমুখী করেছে। সর্বশেষ তথ্যে মোট (গ্রস) রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার পার হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাবেও রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ২০ বিলিয়ন ডলার বা ৩৫ হাজার ২০৪ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার বা ৩০ হাজার ৫১২ দশমিক ২৯ মিলিয়ন ডলার।

এর আগে দীর্ঘ সময় ধরে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ৩০ থেকে ৩২ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছিল। তবে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, রিজার্ভ বৃদ্ধির এই ধারা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এর ফলে আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা আরও সহজ হবে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় প্রবাহ অব্যাহত থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *