প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরবের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশের সরকার। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আসিফ নজরুল বলেন, ‘অতীতে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে এমন চুক্তি করেনি। এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও এ ধরনের চুক্তি নেই। এ চুক্তি হলে সৌদিতে কর্মরত শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা আরো জোরদার হবে। এ চুক্তি বিগত সরকারও করতে চেয়েছিল, পারেনি। আমরা তা করতে যাচ্ছি। এটি দেশের জন্য একটি বড় অগ্রগতি হবে।’

সরকারের নেয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে আমরা প্রক্রিয়াকে আরো সহজ করেছি। মন্ত্রণালয়ে ডিজিটাল পদ্ধতি চালু করেছি। নতুন যারা বিদেশে যাবেন, তারা এর সুবিধা বুঝতে পারবেন।’ বিদেশে যেতে আগ্রহীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, ‘বিদেশ মানেই স্বর্গ নয়। যাওয়ার আগে খোঁজখবর নিয়ে যাবেন। অনেক সময় দেখা যায়, ৮-৯ লাখ টাকা খরচ করে কেউ এমন জায়গায় যায়, যেখানে থাকা-খাওয়ার ব্যবস্থাও নেই। আমি নিজ চোখে সৌদি আরবে এমন অবস্থা দেখেছি, যেটা বাংলাদেশের খারাপ বস্তিতেও নেই।’

তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে, সেটা দিয়ে দেশে ছোটখাটো ব্যবসা করলেও চলা যায়। দেশে তো ১৮ কোটি মানুষ, এত ভোক্তা—একটা দোকান দিলেও চলে। আমি কাউকে নিরুৎসাহিত করছি না, শুধু বলছি মরিয়া হয়ে যেন কেউ ভুল পথে না যায়।’ বিদেশে যাওয়ার সময় প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন, ‘৯৯ শতাংশ শ্রমিক সৎ ও পরিশ্রমী। কিন্তু বাকি ১ শতাংশ নানা ঘটনায় জড়িয়ে পড়ে, যা সবার কষ্ট বাড়িয়ে দেয়। এতে দেশ থেকেও লোক পাঠানো কঠিন হয়ে পড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *