আরব বিশ্বে ব্রাজিলের রফতানি ১ হাজার ৭৭৪ কোটি ডলার
আরব বিশ্বে ২০২২ সালে ব্রাজিলের রফতানি হয়েছে ১ হাজার ৭৭৪ কোটি ডলার। একই বছর আরব বিশ্ব থেকে ব্রাজিলের আমদানি ছিল ১ হাজার ৫০০ কোটি ডলার। আরব ব্রাজিলিয়ান চেম্বার অব কমার্স (এবিসিসি) প্রকাশিত সাম্প্রতিক উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ব্রাজিলের শীর্ষ রফতানি গন্তব্য ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। উপসাগরীয় দেশ দুটিতে গত বছর ব্রাজিলের রফতানি ৪০ শতাংশ বেড়েছে। এবিসিসির প্রতিবেদনে বলা হয়, আরব বিশ্বে শীর্ষ রফতানি পণ্য ছিল আখ বা চিনিজাত পণ্য। ২০২২ সালে ৩৪০ কোটি ডলারের আখ বা চিনিজাত পণ্য রফতানি হয়েছে। তার পরই রয়েছে গরুর মাংস ও পোলট্রি (৩১৬ কোটি ডলার)।
আকরিক লোহা ও লোহাজাত পণ্য রফতানি হয়েছে ২৯০ কোটি ডলারের। ভুট্টা, সয়াবিন ও হিমায়িত মাংস রফতানি হয়েছে যথাক্রমে ২০০ কোটি, ১১০ কোটি ও ৮০ কোটি ৫৬ লাখ ডলার।
এদিকে আরব বিশ্ব থেকে ব্রাজিলের আমদানিও লক্ষণীয় পরিমাণে বেড়েছে। দেড় হাজার কোটি ডলারের আমদানি পণ্যের মধ্যে শীর্ষে রয়েছে জ্বালানি তেল ও খনিজ পণ্য (৩৮০ কোটি ডলার)।
