দাম বাড়ছে টেসলার স্বচালিত গাড়ির: ইলোন মাস্ক
উত্তর আমেরিকায় টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির গাড়ির দাম বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হচ্ছে। বাড়তি দাম প্রযোজ্য হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। বিদ্যুচ্চালিত গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক সফটওয়্যারটির দাম বাড়ানোর এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি রোববার রাতে একটি টুইট করেছেন যাতে তিনি বলেছেন, উত্তর আমেরিকায় ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমের এফএসডি বেটা ১০.৬৯.২ সংস্করণের দাম ৫ সেপ্টেম্বর থেকে ১২ হাজার ডলার থেকে আরো বেড়ে যাবে। তবে ৫ তারিখের আগের অর্ডারগুলোর ক্ষেত্রে ক্রেতাদের সম্মান করা হবে। তারা বর্তমান দামেই পাবেন, যদিও তাদের ডেলিভারি দিতে সময় লাগবে।
ইলোন মাস্ক টুইটে আরো উল্লেখ করেছেন, এফএসডি বেটা ১০.৬৯ গত রাতে টেসলা ক্রেতাদের কাছে পাঠিয়ে দেয়া শুরু করেছে। এটির নির্মাণ আরেক ধাপ বড় অগ্রগতি। ১০.৬৯.১ সংস্করণটি বড় পরিসরে সপ্তাহ শেষে বাজারে আসতে পারে। আর ১০.৬৯.২ সব এফএসডি বেটা অংশগ্রহণকারীকে দেয়ার জন্য কয়েক সপ্তাহ ভালো সময়।
এফএসডি একই সঙ্গে সাবস্ক্রিপশন সিস্টেমেও পাওয়া যাবে। এজন্য মাসিক চার্জ ১৯৯ ডলার। কিন্তু ইলোন মাস্ক এই চার্জ পরিবর্তনের কোনো কথা উল্লেখ করেননি। এছাড়া এ দাম বাড়ানোর ব্যাপারটি পুরো বিশ্বেই প্রযোজ্য হবে কিনা তাও জানাননি।
চলতি বছর এফএসডির দাম দুই দফা বাড়ানো হলো। এর আগে বছরের শুরুতে জানুয়ারি মাসে দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ডলার করা হয়। বর্তমান এফএসডি নিয়ে এসেছে স্বয়ংক্রিয় লেন পরিবর্তন, অটোপাইলটে নেভিগেশন, অটোপার্ক এবং স্মার্ট সামন। এতে ফোন দিয়ে গাড়িকে কল করা এবং চালক ছাড়াই লোকেশনে নিয়ে আসা যাবে।
