৪০ বছর পর শেষ ষোলোয় মেক্সিকো
ম্যাচের ২২তম মিনিটে হুলিয়ান গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে রাউল ব্যবধান দ্বিগুণ করেন। মাত্র নয় মিনিটের ব্যবধানে করা এই দুই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়
৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের দেখা পেল মেক্সিকো। বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচের হুলিয়ান কিনিওনেস ও রাউল হিমেনেসের গোলে একুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।
ম্যাচের ২২তম মিনিটে হুলিয়ান গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে রাউল ব্যবধান দ্বিগুণ করেন। মাত্র নয় মিনিটের ব্যবধানে করা এই দুই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এর আগে ১৯৮৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে শেষ ষোলোয় বুলগেরিয়াকে হারিয়ে নকআউট পর্বে সর্বশেষ জয় পেয়েছিল মেক্সিকো। এর পর ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ টানা সাতটি বিশ্বকাপেই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।
এছাড়া ২০২২ সালে কাতার বিশ্বকাপে মেক্সিকো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এর আগে এমনটি হয়েছিল ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপে।
এবার শেষ ষোলোয় মেক্সিকোর প্রতিপক্ষ হবে বুধবারের ইংল্যান্ড ও কঙ্গোর মধ্যকার ম্যাচের বিজয়ী। সেই ম্যাচটি আগামী রোববার নিজেদের মাঠেই খেলবে মেক্সিকো।
বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয় মেক্সিকো-একুয়েডর ম্যাচ। এটি ছিল এবারের বিশ্বকাপে বৈরী আবহাওয়ার কারণে প্রভাবিত হওয়া দ্বিতীয় ম্যাচ। এর আগে ২২ জুন ফিলাডেলফিয়ায় ফ্রান্স-ইরাক ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ঝড়ের কারণে খেলা ২ ঘণ্টা ১১ মিনিট বন্ধ রাখতে হয়েছিল।
